সবংয়ে বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে রশ্মি গ্রুপ, পৌঁছে দিল খাদ্যসামগ্রী!
নিজস্ব সংবাদদাতা : অতিবৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের একাধিক এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াল রশ্মি গ্রুপ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে সবং থানার লোকপীঠ, বিষ্ণুপুর, মাশুমপুর ও নারায়ণবাড় এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
রশ্মি গ্রুপের উদ্যোগে প্রায় ৩০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, সর্ষের তেল, নুন, সোয়াবিন, মুড়ি, গুড়, আলু, চানাচুর ও বিস্কুট-সহ বিভিন্ন সামগ্রী। জলবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রশ্মি গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন DGM (CSR) নটবর বিশোয়াল, AGM সঞ্জয় ওঝা-সহ অন্যান্য প্রতিনিধিরা। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরীর উদ্যোগে এই ত্রাণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।রশ্মি গ্রুপের DGM (CSR) নটবর বিশোয়াল বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংস্থার সামাজিক দায়বদ্ধতার অন্যতম অংশ।

বন্যার মতো কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।রশ্মি গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেন সবংয়ের বিধায়ক অমল কুমার পণ্ডা। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলি এগিয়ে এলে দুর্যোগের সময় সাধারণ মানুষের কাছে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দারাও রশ্মি গ্রুপের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, বন্যার কঠিন পরিস্থিতিতে খাদ্যসামগ্রীর এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাময়িকভাবে হলেও স্বস্তি দেবে।এই উদ্যোগের মধ্য দিয়ে ফের একবার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR-এর মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিল রশ্মি গ্রুপ।