পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ভোটের আগেই রাজ্যের প্রশাসনে বড়সড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করা হয়েছে। সূত্রের খবর, মোট ১৯ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে, যার মধ্যে ১২টি পুলিশ জেলার এসপি পদে পরিবর্তন আনা হয়েছে।এই রদবদলের অংশ হিসেবে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে একাধিক আইপিএস অফিসারের দায়িত্বে বড়সড় পরিবর্তন ঘটেছে বলে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

নতুন নিয়োগে দক্ষিণবঙ্গের এডিজি ও আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডঃ রাজেশ কুমার সিংকে। অন্যদিকে, আইপিএস অফিসার পাপিয়া সুলতানার কর্মজীবনেও এসেছে উল্লেখযোগ্য মোড়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি সন্দেশখালিতে দায়িত্বে ছিলেন। পরে তাঁকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের হোমগার্ডে সিনিয়র স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়।এবার ২০২৬ সালের মার্চে ভোট ঘোষণার পর তাঁকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের নভেম্বরের শেষ দিকে আইপিএস অফিসার পলাশ চন্দ্র ঢালীকে পশ্চিম মেদিনীপুর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি পূর্বে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি হিসেবে কর্মরত ছিলেন।ভোটের প্রাক্কালে এই প্রশাসনিক রদবদলকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যেই কমিশনের এই পদক্ষেপ।