রশ্মি গ্রুপের সহায়তায় পিংলার সনম, আন্তর্জাতিক যোগাসন মঞ্চে ভারতকে প্রতিনিধিত্বের স্বপ্ন!

রশ্মি গ্রুপের সহায়তায় পিংলার সনম, আন্তর্জাতিক যোগাসন মঞ্চে ভারতকে প্রতিনিধিত্বের স্বপ্ন!

সেখ ওয়ারেশ আলী : প্রতিভা ও পরিশ্রম থাকলেও অনেক সময় আর্থিক প্রতিবন্ধকতা বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধা দূর করে আন্তর্জাতিক মঞ্চে প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে পিংলার কৃতী যোগাসন প্রতিযোগী সনম খাতুনের পাশে দাঁড়াল রশ্মি গ্রুপ।পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা সনম খাতুন এবার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে চলেছে ৪র্থ UYSF Asia Pacific Yogasana Sports Championship 2026

এই প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন সনম। বিভিন্ন দেশের প্রতিযোগীরা এই আন্তর্জাতিক আসরে অংশ নেবেন।তবে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে সনমের কাছে বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার খরচ ছিল বড় চ্যালেঞ্জ। প্রতিভা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আর্থিক কারণে তাঁর আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছিল।এই পরিস্থিতিতে পিংলা বিধানসভার বিধায়িকা স্বাগতা মান্নার আবেদনে সাড়া দিয়ে সনমের পাশে দাঁড়ায় রশ্মি গ্রুপ। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরীর উদ্যোগে সনমের ব্যাংকক যাতায়াতের সম্পূর্ণ ভ্রমণ ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।রশ্মি গ্রুপের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি সনমের পরিবার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগকে জীবনের অন্যতম বড় স্বপ্নপূরণের মুহূর্ত হিসেবে দেখছেন তাঁরা।

সংস্থার পক্ষ থেকেও সনমের সাফল্য কামনা করা হয়েছে। ভাস্কর চৌধুরী আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে সাফল্যের সঙ্গে দেশে ফিরবেন পিংলার এই কৃতী কন্যা।যোগাসনে এর আগেও সাফল্যের নজির গড়েছেন সনম। চলতি বছরের শুরুতে একটি আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয়ের খবর প্রকাশ্যে আসে।

সেই সাফল্যের পর এবার ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।সনমের পাশে দাঁড়িয়ে রশ্মি গ্রুপের এই উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকার মানুষ। শিল্পের পাশাপাশি প্রতিভাবানদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সনমের পরিবার এবং বিধায়িকা স্বাগতা মান্নাও।পিংলার ছোট্ট গ্রাম থেকে এবার ব্যাংককের আন্তর্জাতিক মঞ্চে সনম। তাঁর হাত ধরে বিদেশের মাটিতে উড়বে ভারতের তেরঙ্গা—এই প্রত্যাশায় সনমের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন এলাকার মানুষ।