নিজস্ব সংবাদদাতা : ২০শে মার্চ শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর প্রদেশের বৃন্দাবনে অবস্থিত শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রম-এ গিয়ে শ্রদ্ধেয় সাধু প্রেমানন্দ মহারাজ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে তিনি আধ্যাত্মিক আলোচনায় অংশ নেন এবং সাধুর আশীর্বাদ প্রার্থনা করেন।রাষ্ট্রপতির তিন দিনের উত্তর প্রদেশ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল এই সাক্ষাৎ। সফর জুড়ে তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং জনসম্পৃক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোরেই আশ্রমে পৌঁছালে রাষ্ট্রপতি মুর্মুকে শিষ্য ও স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এরপর শুরু হয় তাঁর সঙ্গে প্রেমানন্দ মহারাজের আধ্যাত্মিক আলোচনা। উল্লেখযোগ্য, ব্রজ অঞ্চলে বহুল প্রচলিত ‘রাধা বল্লভ’ পরম্পরার একজন বিশিষ্ট গুরু হিসেবে পরিচিত প্রেমানন্দ মহারাজ। সূত্রের খবর, আলোচনায় উঠে আসে আধ্যাত্মিক মূল্যবোধ, সমাজে সম্প্রীতি এবং সার্বিক কল্যাণে বিশ্বাসের ভূমিকা।এই সফরটি অযোধ্যা, মথুরা এবং বৃন্দাবন জুড়ে রাষ্ট্রপতির বিস্তৃত কর্মসূচিরই অংশ।

গত ১৯ মার্চ উত্তর প্রদেশে পৌঁছানোর পর থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির ও তীর্থস্থানে পূজা-অর্চনা করছেন।প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাতের পর দিনের পরবর্তী কর্মসূচিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতির নিম করোলি বাবার স্মৃতিসৌধ পরিদর্শনের কথা রয়েছে। সন্ধ্যায় তিনি বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম-এ একটি নতুন ‘অঙ্কোলজি ব্লক’-এর উদ্বোধন করবেন—যা এই অঞ্চলে ক্যানসার চিকিৎসার পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।এছাড়াও, তিনি বাৎসল্য গ্রাম পরিদর্শন করবেন—যা সাধ্বী ঋতম্ভরা প্রতিষ্ঠিত একটি সেবাকেন্দ্র, যেখানে বয়স্ক ও অনাথ শিশুদের যত্ন নেওয়া হয়।