Skip to content

পূর্ব মেদিনীপুরে নন্দকুমারে তেলের গোডাউনে ভয়াবহ আগুন!

1 min read

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একটি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ নন্দকুমার রাজ্য সড়কের পাশে অবস্থিত ওই তেলের গোডাউনটিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। আগুনের তীব্রতা এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।স্থানীয় সূত্রে খবর, বিকেলে হঠাৎই গোডাউনের ভিতর থেকে দাউদাউ করে শিখা বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই গোডাউনের ভিতরে থাকা তেলের ড্রামগুলি বিকট শব্দে ফাটতে শুরু করে। ড্রাম বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন।এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং জনবসতিপূর্ণ হওয়ায় আগুন সংলগ্ন বাড়িগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার খাতিরে পুলিশ ও প্রশাসনের তরফে পাশের বাড়িগুলি থেকে বাসিন্দাদের তড়িঘড়ি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকলকর্মীরা। তবে এক ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

Latest