নিজস্ব সংবাদদাতা : মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পাঁশকুড়া থানার পুলিশের অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৩৬.২১৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জুলাই ২০২৬ বিকেলে নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঝাড়গ্রাম-কলকাতা রুটে চলাচলকারী একটি এসবিএসটিসি (SBSTC) বাসকে সিদ্ধা বাজার সংলগ্ন এলাকায় আটক করে তল্লাশি চালায়।তল্লাশির সময় তিন অভিযুক্তের কাছ থেকে ৩৪টি সিল করা প্যাকেটে মোট ৩৬.২১৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া মেনে তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, অভিযানের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (NDPS Act) প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।মাদকবিরোধী অভিযানে এই সাফল্যকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন প্রশাসনিক মহল। পুলিশের দাবি, ভবিষ্যতেও মাদক পাচার ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে এমন অভিযান আরও জোরদার করা হবে।