নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের তাজপুরে ফের সমুদ্রকে ঘিরে ঘটল হৃদয়বিদারক দুর্ঘটনা। বুধবার গভীর রাতে তাজপুরের বিশ্ববাংলা পর্যটন কেন্দ্র সংলগ্ন সমুদ্রতটে ভাসতে দেখা যায় দুই ব্যক্তির নিথর দেহ। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন মন্দারমণি কোস্টাল থানায়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা সোদপুরের বাসিন্দা চিকিৎসক দম্পতি—ডঃ কুন্তল চক্রবর্তী ও ডঃ শৈলজা ভরদ্বাজ।

দু’জনেরই বয়স আনুমানিক ৩৫ বছরের কাছাকাছি।এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাজপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সমুদ্রে নামার পর আচমকা গভীর জলে তলিয়ে যাওয়ার জেরেই এই বিপত্তি। তবে প্রকৃত কারণ জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পর্যটন মরশুমে তাজপুর-দীঘা উপকূলে বারবার এমন দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। স্থানীয়দের দাবি, সমুদ্রস্নানের ক্ষেত্রে আরও কড়া নজরদারি ও সতর্কতা জরুরি।