Skip to content

রামনবমীতে মেদিনীপুরে বর্ণাঢ্য বাইক র‍্যালি, উৎসবের আবহে মাতল শহর!

সেখ ওয়ারেশ আলী : রামনবমী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব, যা ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেশজুড়ে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই শুভ তিথিতেই অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেন শ্রী রাম—যিনি ধর্ম, ন্যায় ও আদর্শ জীবনের প্রতীক হিসেবে পূজিত।

তাই এই দিনটি ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এবং নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর শহরেও দেখা গেল এক নজরকাড়া আয়োজন। ‘রামনবমী সমারোহ সমিতি’-র উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বিশাল বাইক র‍্যালি, যা এবছর পা দিল ১৮তম বর্ষে।২৬শে মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের টিভি টাওয়ার মাঠ থেকে র‍্যালিটির শুভ সূচনা হয়।

শহরের রিং রোড ধরে প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে এই র‍্যালি। সারিবদ্ধভাবে সাজানো বাইক, হাতে পতাকা এবং উৎসবমুখর আবহে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। র‍্যালিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যার মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।সমগ্র কর্মসূচি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য ছিল কড়া পুলিশি নিরাপত্তা। প্রশাসনের তৎপর নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হয় এই বর্ণাঢ্য রামনবমী বাইক র‍্যালি, যা শহরবাসীর মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে।

Latest