নিজস্ব সংবাদদাতা: পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে জ্বালানি সরবরাহ নিয়ে যখন দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল, ঠিক সেই সময়েই স্বস্তির বড় খবর দিল কেন্দ্র। ৪৬ হাজার ৬৫০ টন এলপিজি বোঝাই ভারতীয় ভেসেল ‘গ্রিন সানভি’ নিরাপদে হরমুজ় প্রণালী পেরিয়েছে। জাহাজটিতে রয়েছেন ২৬ জন নাবিক এবং এটি এখন ভারতের উদ্দেশে এগিয়ে চলেছে। সরকারি সূত্রের দাবি, চলমান সংঘাতের পর এটি সপ্তম ভারতমুখী এলপিজি ট্যাঙ্কার যা হরমুজ় পার হতে সক্ষম হল।অন্যদিকে, ২ এপ্রিল ইরান থেকে ৪৪ হাজার টন এলপিজি নিয়ে ‘সি বার্ড’ মেঙ্গালুরু বন্দরে পৌঁছেছে। শনিবার থেকে সেই জাহাজ থেকে গ্যাস নামানোর কাজ জোরকদমে শুরু হয়েছে। ফলে খুব দ্রুত দেশের এলপিজি মজুত আরও শক্তিশালী হবে বলেই মনে করছে জ্বালানি মন্ত্রক।কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, দেশে রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই। ঘরে ঘরে এবং জরুরি পরিষেবায় নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কে অতিরিক্ত সিলিন্ডার, পেট্রল বা ডিজেল মজুত না করার আবেদনও জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি তথ্যেই ভরসা রাখতে বলা হয়েছে।কালোবাজারি রুখতেও কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। সরকারি তথ্য অনুযায়ী, সারা দেশে ৩,৭০০টি স্থানে অভিযান চালানো হয়েছে এবং ১,০০০-এর বেশি এলপিজি ডিস্ট্রিবিউটরকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে। সরকারের বার্তা, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।হরমুজ়ের পশ্চিম প্রান্তে এখনও ১৭টি ভারতমুখী জাহাজ অপেক্ষায় রয়েছে। তবে একের পর এক ট্যাঙ্কার নিরাপদে ভারতীয় বন্দরে পৌঁছতে শুরু করায়, দেশের জ্বালানি বাজারে স্বস্তি ফিরছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
হরমুজ় পেরিয়ে স্বস্তির খবর! ৪৬,৬৫০ টন এলপিজি নিয়ে ভারতে ফিরছে ‘গ্রিন সানভি’, মেঙ্গালুরুতেও শুরু আনলোডিং