নিজস্ব সংবাদদাতা : ১৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরের গোকুলপুরে অবস্থিত আম্বা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষাকর্মীদের জন্য বিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড ইউনিট–১।দীর্ঘদিন ধরেই গ্রামীণ স্কুলগুলিতে নিরাপদ পানীয় জলের অভাব একটি বড় সমস্যা।

সেই বাস্তবতাকে সামনে রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থা। নতুন এই পরিকাঠামো চালু হওয়ার ফলে পড়ুয়াদের আর বাইরে থেকে জল আনতে হবে না, একই সঙ্গে গরমের সময় ঠান্ডা জলের সুবিধাও মিলবে স্কুলের মধ্যেই।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর কলাইকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এবং সংস্থার পক্ষ থেকে জিএম (লিগ্যাল) তপন নাথ ও সিএসআর সমন্বয়কারী নটবর বিসওয়াল।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রশ্মি গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্কর চৌধুরী বলেন, বিশুদ্ধ পানীয় জলের সুযোগ কোনও বিলাসিতা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। পাশাপাশি এই উদ্যোগ বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান তিনি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও পঞ্চায়েত প্রধান সংস্থার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের কথায়, গ্রামীণ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই ধরনের অবকাঠামো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এতে পড়ুয়াদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।