Skip to content

১২ কিমি দৌড়ে জনসভায়! কেশিয়াড়িতে প্রচারে চমক তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডীর!

অভিজিৎ সাহা: ভোটের প্রচারে অভিনবত্ব এখন যেন নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। কেউ রান্নাঘরে ঢুকে রুটি বানাচ্ছেন, কেউ আবার সেলুনে চুল কাটছেন—আর এবার সেই তালিকায় যুক্ত হল ‘দৌড় প্রচার’। কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডী ৫০ মিনিটে প্রায় ১২ কিলোমিটার দৌড়ে জনসভায় পৌঁছে সকলকে চমকে দিলেন।বুধবার দুপুরে দাঁতনের ঘোলাই ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনসভা ছিল। সেই সভায় যোগ দিতেই কেশিয়াড়ি থেকে দৌড়ে রওনা দেন রামজীবন। প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সময়মতো সভাস্থলে পৌঁছন তিনি।

জানা গিয়েছে, শালবনীর বাসিন্দা রামজীবন পেশায় একজন শিক্ষক হলেও খেলাধুলার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। ছাত্রজীবনে ফুটবলে পারদর্শী এই প্রার্থী পরবর্তীতে ম্যারাথন দৌড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১০, ২১ থেকে ৪২ কিলোমিটার—বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়ে অর্জন করেছেন একাধিক সাফল্য।শুধু দৌড়েই থেমে থাকেননি তিনি। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগও সারেন রামজীবন। তাঁর এই ব্যতিক্রমী প্রচার ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।উল্লেখ্য, গত দু’বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন পরেশ মুর্মু। তবে এবার নতুন মুখ হিসেবে রামজীবন মান্ডীকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে ভিন্ন মাত্রা আনার চেষ্টা চালাচ্ছেন তিনি।ভোটের ময়দানে এই অভিনব প্রচার কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে ‘দৌড় প্রচার’-এর মাধ্যমে যে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

Latest