চলন্ত ট্রেন থেকে পড়া মোবাইল উদ্ধার, তৎপরতায় যাত্রীর হাতে ফিরিয়ে দিল রেলরক্ষী বাহিনী!

চলন্ত ট্রেন থেকে পড়া মোবাইল উদ্ধার, তৎপরতায় যাত্রীর হাতে ফিরিয়ে দিল রেলরক্ষী বাহিনী!

অভিজিৎ সাহা : চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল রেলরক্ষী বাহিনী। যাত্রীর অভিযোগ পাওয়ার পর দ্রুত তৎপর হয়ে চন্দ্রকোনা রোড ও শালবনী স্টেশনের মাঝামাঝি এলাকা থেকে ফোনটি উদ্ধার করা হয়।জানা গিয়েছে, বিনায়ক রঞ্জন দে নামে এক যাত্রী খড়গপুর–আসানসোল এক্সপ্রেসে যাত্রা করছিলেন। চন্দ্রকোনা রোড স্টেশনে ট্রেন পৌঁছনোর পর তিনি লক্ষ্য করেন, তাঁর মোবাইল ফোনটি সঙ্গে নেই। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, চন্দ্রকোনা রোড ও শালবনী স্টেশনের মধ্যবর্তী কোনও এক জায়গায় চলন্ত ট্রেন থেকে ফোনটি পড়ে গিয়েছে।এরপর দেরি না করে চন্দ্রকোনা রোড স্টেশনে কর্তব্যরত রেলরক্ষী বাহিনীর আউটপোস্টে অভিযোগ জানান ওই যাত্রী। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফোন উদ্ধারে তৎপর হন রেলরক্ষী বাহিনীর কর্মীরা। চন্দ্রকোনা রোড থেকে বিষয়টি জানানো হয় শালবনী স্টেশনে কর্তব্যরত রেলরক্ষী কর্মীদের।এরপর শুরু হয় নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে তল্লাশি। শেষ পর্যন্ত শালবনী স্টেশনে কর্তব্যরত রেলরক্ষী বাহিনীর কর্মীরা মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন।প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর উদ্ধার হওয়া মোবাইলটি তার প্রকৃত মালিক বিনায়ক রঞ্জন দে-র হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী দ্রুত উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় রেলরক্ষী বাহিনীর তৎপরতার প্রশংসা করেন ওই যাত্রী।রেলযাত্রীদের নিরাপত্তার পাশাপাশি হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে রেলরক্ষী বাহিনীর এই দ্রুত উদ্যোগ যাত্রী পরিষেবায় তাদের দায়িত্বশীলতা ও মানবিকতারই পরিচয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।