নিজস্ব সংবাদদাতা: সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে নামতে প্রস্তুত বাংলা। আজ, মঙ্গলবার সার্ভিসেসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরো মনোযোগ মাঠের লড়াইয়েই রাখতে বলেছেন বাংলা দলের কোচ সঞ্জয় সেন। দু’দিন বিশ্রামের পর সোমবার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে নামে বাংলা দল। অসম ম্যাচের পর টুর্নামেন্ট আয়োজনের বেহাল দশা নিয়ে আইএফএ-র তরফে ফেডারেশনের কাছে প্রতিবাদ জানানো হয়েছিল। সেই চিঠিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হলে ফেডারেশন সোমবারের বদলে মঙ্গলবার ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এই প্রসঙ্গে কোচ সঞ্জয় সেন বলেন, “এই ম্যাচের আগে ৪৮ ঘণ্টা বিশ্রাম পাওয়া গেছে, এটা আমাদের জন্য ইতিবাচক। ছেলেদের স্পষ্ট করে বলেছি—অসম ম্যাচ আর বাস জার্নির ঘটনাটা ভুলে যেতে। এখন শুধু সামনে তাকাতে হবে।” প্রতিপক্ষ সার্ভিসেসকে হালকাভাবে নিতে নারাজ বাংলা শিবির। সঞ্জয় সেনের কথায়, “সার্ভিসেস দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। ওদের বোঝাপড়া খুব ভালো। সবচেয়ে বড় কথা, প্রায় ছিটকে যেতে যেতে কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ওরা। এভাবে যারা ঘুরে দাঁড়ায়, তারা সবসময় ভয়ংকর হয়। তাই বিশেষ সতর্কতা প্রয়োজন।”

সার্ভিসেস দলের ম্যাচের ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তাদের শক্তি ও দুর্বলতা ফুটবলারদের সামনে তুলে ধরেছেন কোচ। অন্য গ্রুপ থেকে লিগ টেবিলের চতুর্থ স্থান অর্জন করেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সার্ভিসেস। মঙ্গলবারের ম্যাচে বাংলা দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কার্ড সমস্যায় কেউ নেই। চোটের কারণে শুধু উত্তম হাঁসদা অনিশ্চিত, বাকিরা সকলেই ফিট। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছেন রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠারা। সব মিলিয়ে বিতর্ক আর ক্লান্তির অধ্যায় শেষ করে এবার মাঠের লড়াইয়েই নিজেদের সেরা তুলে ধরতে মরিয়া বাংলা।
