নিজস্ব সংবাদাতা : খড়্গপুর শহরের গোলবাজারে শনিবার ২২শে ফেব্রুয়ারি গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি প্রাচীন দোকান। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎই দোকান থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায়। দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হলেও, দমকল পৌঁছানোর আগেই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন আশপাশের ব্যবসায়ীরা। পরে পুলিশ ও দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুরো দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বহু পুরনো এই দোকানগুলিতে কংক্রিটের ঢালাই করার অনুমতি দেওয়া হয়নি। রেলের তরফেও কোনও স্থায়ী নির্মাণ করা হয়নি। বিদ্যুৎ ব্যবস্থাও অত্যন্ত পুরনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই অব্যবস্থাপনার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।বাম নেতা অনিল দাস বলেন, “এই দোকানগুলির বয়স একশো বছরেরও বেশি। অবিলম্বে স্থায়ী নির্মাণের ব্যবস্থা করতে হবে, নাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”এলাকার বাসিন্দাদেরও অভিযোগ, দোকানগুলির ছাদে নানা দাহ্য বস্তু জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর মেলেনি। তবে প্রশ্ন উঠছে—আর কত বড় দুর্ঘটনার পর নড়বে প্রশাসন?