Skip to content

চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত দোলই সমর্থনে রোড শো সায়নী ঘোষের।

সুমন মণ্ডল: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চন্দ্রকোনা জুড়ে চড়ছে নির্বাচনী পারদ। সেই আবহেই চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দলুইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। শুক্রবার মহেশপুর ফুটবল ময়দান থেকে ভগবন্তপুর বাজার পর্যন্ত খোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য রোড শো করেন তিনি। রোড শোকে ঘিরে শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। রাস্তার দু’ধারে ভিড় জমায় তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান— গোটা এলাকা কার্যত সবুজ আবহে ঢেকে যায়। খোলা গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদন গ্রহণ করতে দেখা যায় সায়নী ঘোষ এবং প্রার্থী সূর্যকান্ত দলুইকে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে মহেশপুর থেকে ভগবন্তপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয়দের একাংশের মতে, এত বড় রাজনৈতিক মিছিল সাম্প্রতিক সময়ে এলাকায় খুব কমই দেখা গিয়েছে। ফলে চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূলের সংগঠন যে যথেষ্ট মজবুত, সেই বার্তাই স্পষ্টভাবে পৌঁছে গেল বলে রাজনৈতিক মহলের মত। এদিন রোড শো শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ শানান সায়নী ঘোষ। তিনি অভিযোগ করেন, মানুষের উন্নয়ন, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক প্রকল্পের বাস্তব কাজকে আড়াল করতে বিরোধীরা লাগাতার অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে হুমায়ুন কবিরকে নিশানা করে তিনি বলেন, “মানুষের স্বার্থের কথা না ভেবে শুধুই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। চন্দ্রকোনার মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন।” সায়নী ঘোষ আরও বলেন, রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং চন্দ্রকোনা এলাকায় চলমান প্রকল্পগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে সূর্যকান্ত দলুইকে বিপুল ভোটে জয়ী করা প্রয়োজন। তাঁর বক্তব্য ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। এই রোড শোকে কেন্দ্র করে চন্দ্রকোনা বিধানসভায় নির্বাচনী উত্তাপ আরও কয়েকগুণ বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোটের আগে এই শক্তি প্রদর্শন যে তৃণমূলের প্রচারে নতুন গতি আনবে, তা বলাই বাহুল্য।

Latest