শ্রাবণের শেষ সোমবারে শিবভক্তদের সেবায় ঘাটালের বিধায়ক, চন্দ্রকোনায় ভক্তদের সঙ্গে সুকান্ত দোলুই!
সুমন মন্ডল : শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবভক্তদের সেবায় এগিয়ে এলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শিলাবতী নদী থেকে জল নিয়ে বাঁক কাঁধে বিভিন্ন শিবমন্দিরের উদ্দেশে রওনা হওয়া পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে পানীয় জল ও বিস্কুট তুলে দেন তিনি।ঘাটালের বড়দা চৌকান এলাকায় বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে ভক্তদের সেবায় উপস্থিত ছিলেন বিধায়ক।

দীর্ঘ পথ পায়ে হেঁটে যাওয়া শিবভক্তদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানান তিনি।শীতল কপাট বলেন, “ভক্তরা অনেক কষ্ট করে দীর্ঘ পথ অতিক্রম করছেন। তাঁদের যাত্রাপথ যেন কিছুটা সহজ হয়, সেই জন্যই পানীয় জল ও বিস্কুট তুলে দিলাম। বাবার আশীর্বাদে সকলেই ভালো থাকুন, পশ্চিমবঙ্গবাসী ভালো থাকুন—এটাই কামনা করি।”

অন্যদিকে, শ্রাবণের শেষ সোমবারে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুইও শিবভক্তদের সঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। ভক্তদের সঙ্গে নিয়ে তিনি শিবের মাথায় জল ঢেলে পুজো দেন।

সুকান্ত দোলুই বলেন, “বাবার আশীর্বাদে যেন আমরা সকলেই ভালো থাকি এবং চন্দ্রকোনা বিধানসভা এলাকার মানুষ ভালো থাকেন—এটাই কামনা করছি।” শ্রাবণের শেষ সোমবারে দুই বিধায়কের এমন পৃথক কর্মসূচিকে ঘিরে এলাকায় ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।