মেদিনীপুর কলেজে এসএফআই-এবিভিপি সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস!

মেদিনীপুর কলেজে এসএফআই-এবিভিপি সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস!
মেদিনীপুর কলেজে এসএফআই-এবিভিপি সংঘর্ষ।

সেখ ওয়ারেশ আলী: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত মেদিনীপুর কলেজ। শুক্রবার দুপুরে কলেজ চত্বরে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং ছাত্র সংগঠন এবিভিপির সদস্যদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। দু’পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সংঘর্ষের জেরে দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর কলেজ চত্বর। উল্লেখ্য,গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলির একটি বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

ঘটনার প্রতিবাদেই শুক্রবার মেদিনীপুর কলেজে কর্মসূচির আয়োজন করে এসএফআই। দুপুর ১২টা নাগাদ কলেজ চত্বরে প্রতিবাদ সভাকে ঘিরে জমায়েত শুরু হয়। এসএফআইয়ের অভিযোগ, আচমকাই এবিভিপির পতাকা হাতে একদল সদস্য সেখানে এসে হামলা চালান। তাঁদের দাবি, এসএফআই কর্মীদের মারধর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ আহতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।

এসএফআইয়ের মেদিনীপুর জেলা সম্পাদক রণিত বেরা বলেন,যাদবপুরের ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সভা করছিলেন পড়ুয়ারা। সেই কর্মসূচিতে এবিভিপি হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে শিক্ষাঙ্গনে ভয়মুক্ত পরিবেশ ফিরিয়ে আনারও দাবি তুলেছেন এসএফআই নেতা। তবে এসএফআইয়ের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। যাদবপুরের ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল কলেজ চত্বরে। তাদের কর্মসূচিতে এসএফআই হামলা চালিয়েছে। সংগঠনের রাষ্ট্রীয় কার্যকরী সদস্য (দক্ষিণবঙ্গ) অরুণাভ দত্তের। তিনি বলেন, ‘‘যাদবপুরের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। মেদিনীপুর কলেজে সেই আন্দোলন চলাকালীন এসএফআই-এর গুন্ডারা আক্রমণ করে। ১০-১২ জন এবিভিপি সদস্য আহত হয়েছেন। পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য।’’