Skip to content

মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ রাত শবে বরাত!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ রাত শবে বরাত। ফারসি ভাষায় ‘শবে বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য,আরবি ভাষায় একে বলা হয় ‘লাইলাতুল বরাত’। ইসলাম ধর্ম মতে, এই পবিত্র রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের আমলনামা নির্ধারণ করেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের গুনাহ মাফ করে দেন।এই পবিত্র শবে বরাত উপলক্ষে মেদিনীপুর শহরের মুসলিম সম্প্রদায়ের মানুষজন গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রাতটি পালন করেন।

সন্ধ্যা থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন কবরস্থানে ভিড় জমতে শুরু করে। প্রয়াত আত্মীয়স্বজন ও পূর্বপুরুষদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় কবর জিয়ারত করে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে দোয়া ও মোনাজাতে করে ধর্মপ্রাণ মুসলিমরা। এছাড়াও, শবে বরাতের এই বিশেষ রাতে মসজিদ গুলিতে সারারাত ধরে নফল নামাজ আদায় করা হয় তারই সঙ্গে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া-মোনাজাতে মগ্ন থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।শবে বরাত উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছবিও দেখা যায়।

বিভিন্ন জায়গায় গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ ও দান-খয়রাত করা হয়। উল্লেখ্য, শবে বরাত হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত হয় এবং এই পবিত্র রাত মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা, রহমত ও বরকতের এক বিশেষ রাত।

Latest