নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক আলোচনা সভা। কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি), ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল (আইআইসি)-এর যৌথ উদ্যোগে ১৩ মার্চ ২০২৬ এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সমাজে নারীদের অধিকার, সুরক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বেলদা কলেজের আচার্য অধ্যাপক চন্দ্রশেখর হাজরা। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষাঙ্গনে লিঙ্গ সংবেদনশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সমতার মূল্যবোধ গড়ে তোলা জরুরি, তবেই একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে উঠবে।

এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের অধ্যাপিকা ও আইসিসি-র প্রিসাইডিং অফিসার অধ্যাপিকা নীতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে তিনি শিক্ষাঙ্গনে লিঙ্গ সংবেদনশীলতা, নারী-পুরুষের সামাজিক দৃষ্টিভঙ্গি, ক্ষমতার ভারসাম্য এবং আত্মরক্ষার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। বেলদা কলেজের আইসিসি-র সদস্যা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সূচিতা সেন সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক মানসিকতার পরিবর্তনের উপর জোর দেন। তাঁর মতে, সমাজের দৃষ্টিভঙ্গি বদলালেই নারীরা আরও নিরাপদ ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। স্বাগত ভাষণে আইসিসি-র প্রিসাইডিং অফিসার অধ্যাপিকা কল্যাণী মাইতি দাস আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস এবং এবারের প্রতিপাদ্য বিষয় ‘গিভ টু গেইন’-এর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শিক্ষা ও সচেতনতার গুরুত্বও ব্যাখ্যা করেন। আইআইসি-র প্রেসিডেন্ট অধ্যাপক বাসুদেব ধাড়া তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের স্বনির্ভর করে তুলতে পারে এবং আত্মসম্মান নিয়ে সমাজে এগিয়ে যেতে পারে। অন্যদিকে আইকিউএসি-র কোঅর্ডিনেটর অধ্যাপক কামাল হুসেন ধন্যবাদ জ্ঞাপন পর্বে নারীদের প্রতি সম্মান, আত্মসম্মান ও নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি-র এনজিও সদস্যা রিতা দাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের স্নাতকোত্তর ছাত্রী ও আইসিসি সদস্যা রিভা রানী বেরা। ‘নারী আমরা সব পারি’— এই অঙ্গীকারকে সামনে রেখে বেলদা কলেজের এই উদ্যোগ শিক্ষার্থী ও সমাজের মধ্যে নারী অধিকার ও সুরক্ষা নিয়ে নতুন সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে।