Skip to content

ইরান ইস্যুতে যুদ্ধের ছায়া, ধসে পড়ল শেয়ারবাজার! সেনসেক্স ১,৭০০ পয়েন্ট পতন, নিফটি তলানিতে!

নিজস্ব সংবাদদাতা :  ইরানকে ঘিরে ক্রমশ ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমতেই বুধবার বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ারবাজার। লাল সূচকেই দিনের লেনদেন শুরু হয়। বাজার খোলার সঙ্গে সঙ্গেই বেঞ্চমার্ক BSE Sensex ১,৭০০ পয়েন্টেরও বেশি ধসে যায়। একইসঙ্গে Nifty 50 প্রায় ৫০০ পয়েন্ট পিছিয়ে পড়ে। প্রাথমিক লেনদেনে নিফটি ৫০ প্রায় ২.০৬ শতাংশ বা ৫১৭ পয়েন্ট নেমে ২৪,৩৪৪.০৫-এ লেনদেন করছিল। অন্যদিকে সেনসেক্স ২.১৭ শতাংশ বা ১,৭০০ পয়েন্ট পড়ে ৭৮,৫৯৬.৪৫-এ পৌঁছয়। বাজারে ব্যাপক বিক্রির চাপে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক স্পষ্ট হয়ে ওঠে। বাজার খোলার আগেই দুর্বলতার ইঙ্গিত মিলেছিল। GIFT Nifty ২৪,৪৩১-এ কোট করছিল, যা আগের তুলনায় ৫৫১ পয়েন্ট বা ২.২১ শতাংশ কম। ফলে বড়সড় ধাক্কার আশঙ্কা আগেই তৈরি হয়েছিল বিনিয়োগকারীদের মধ্যে। হোলির ছুটির পর মঙ্গলবার বাজার বন্ধ থাকায় বুধবার লেনদেন শুরু হয় এক অনিশ্চিত আন্তর্জাতিক প্রেক্ষাপটে। সোমবার নিফটি ২৪,৬০৩-এ বন্ধ হয়েছিল। সেদিন থেকেই আর্থিক, অটো ও ভোক্তা পণ্য খাতে বিক্রির চাপ দেখা যাচ্ছিল। বুধবার সেই চাপ আরও তীব্র আকার নেয়। দুর্বলতা শুধু ভারতে সীমাবদ্ধ ছিল না। এশিয়ার অন্যান্য বাজারেও পতনের সুর। দক্ষিণ কোরিয়ার KOSPI প্রাথমিক লেনদেনে প্রায় ৭ শতাংশ পর্যন্ত নেমে যায়, পরে ৬.৬ শতাংশ নিম্নমুখী ছিল। জাপানের Nikkei 225 প্রায় ৩.২৩ শতাংশ পড়ে যায়। হংকংয়ের Hang Seng Index-ও ১.৫ শতাংশ পর্যন্ত নিম্নমুখী হয়।বিশেষজ্ঞদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা যতদিন না কাটছে, ততদিন বাজারে এই অস্থিরতা বজায় থাকতে পারে। বিনিয়োগকারীদের মধ্যে এখন প্রধান চিন্তা—পরিস্থিতি কোথায় গিয়ে থামবে?

Latest