অরিন্দম চক্রবর্তী : ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি কতটা শক্তিশালী করা হচ্ছে, তার স্পষ্ট ছবি উঠে এল খড়্গপুরে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ কর্মসূচিতে। ২৭ মার্চ ২০২৬ তারিখে খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন জেলাশাসক বিজিন কৃষ্ণ।তিনি জানান, ইতিমধ্যেই জেলায় ৩৩০০টি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা পড়েছে এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বজায় রাখতে ১১৮৫ জন অসামাজিক কার্যকলাপে যুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে তালিকাভুক্ত করা হয়েছে।

এছাড়াও প্রায় ২০০ জনকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে।স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তা নিয়ে প্রশাসন অত্যন্ত সতর্ক বলেও জানান জেলাশাসক। কোনওরকম অপ্রীতিকর খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথে দু’টি করে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে—একটি বুথের ভেতরে এবং অন্যটি বাইরে। এর ফলে ভোট প্রক্রিয়ার উপর নজরদারি আরও জোরদার হবে বলে মত প্রশাসনের।এছাড়াও, এবারের নির্বাচনে প্রায় ৩০০টি বুথ সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে, যা নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সিভিক পুলিশদের এই নির্বাচনী প্রক্রিয়ায় কাজে লাগানো হবে না বলেও স্পষ্ট করে দেন জেলাশাসক।সবমিলিয়ে, আসন্ন ভোটকে ঘিরে খড়্গপুরে প্রশাসনের কড়া প্রস্তুতি ও নজরদারির ছবি স্পষ্ট—শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।