নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসা প্রযুক্তি সংস্থা Stryker Corporation-কে লক্ষ্য করে বড়সড় সাইবার আক্রমণের দাবি সামনে এসেছে। সংস্থার নেটওয়ার্কে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সঙ্গে যুক্ত একটি হ্যাকিং গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে।হ্যাকার গোষ্ঠীর বক্তব্য অনুযায়ী, তারা প্রায় ২ লক্ষ কম্পিউটার সিস্টেম মুছে দিয়েছে এবং প্রায় ৫০ টেরাবাইট গুরুত্বপূর্ণ তথ্য নিজেদের দখলে নিয়েছে। তাদের দাবি, ইরানের উপর সামরিক হামলার প্রতিশোধ হিসেবেই এই সাইবার অভিযান চালানো হয়েছে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিবৃতিতে ওই গোষ্ঠী আরও দাবি করেছে, এই অভিযানে হাজার হাজার সার্ভার, কম্পিউটার এবং মোবাইল ডিভাইসের তথ্য মুছে ফেলা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য বের করে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।তবে এই দাবিগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বড় আন্তর্জাতিক সংঘাতের সময় এ ধরনের সাইবার হামলার দাবি বা পাল্টা দাবি প্রায়ই সামনে আসে এবং অনেক ক্ষেত্রেই তা তথ্যযুদ্ধের অংশ হতে পারে।ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক প্রযুক্তি মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদি এই হামলার দাবিগুলি সত্যি প্রমাণিত হয়, তাহলে তা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় কর্পোরেট সাইবার আক্রমণ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।