নিজস্ব সংবাদদাতা : মাত্র ৯ বছর বয়সেই অসাধারণ সাহিত্য প্রতিভার পরিচয় দিল ছোট্ট সান্ধ্যলাপ ভুঁইয়া। গত ২৯ মার্চ কলকাতার Oxford Bookstore-এ আয়োজিত শিশু-কিশোর সাহিত্য কর্মশালায় তাৎক্ষণিক গল্প লিখে উপস্থিত সকলকে মুগ্ধ করে দেয় এই খুদে প্রতিভা।কর্মশালাটি অনুষ্ঠিত হয় Kishore Bharati-র কার্যনির্বাহী সম্পাদক চুমকি চট্টোপাধ্যায়-এর তত্ত্বাবধানে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সামনেই সান্ধ্যলাপের তাৎক্ষণিক গল্প রচনার দক্ষতা সকলকে বিস্মিত করে তোলে।এই কর্মশালায় সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারী হিসেবেই শুধু নয়, নিজের অসামান্য কল্পনাশক্তি ও ভাষা ব্যবহারের মুন্সিয়ানায় বিচারকদের মনও জিতে নেয় সে। এর আগেও নিজের লেখা গল্প শুনিয়ে সুরজিৎ চট্টোপাধ্যায়-এর প্রশংসা কুড়িয়েছিল সান্ধ্যলাপ।

এবার সেই সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।উল্লেখযোগ্যভাবে, সান্ধ্যলাপ এমন এক সাংস্কৃতিক পরিবারে বড় হয়ে উঠছে যেখানে সাহিত্য, কবিতা ও শিল্পচর্চা প্রতিদিনের জীবনের অঙ্গ। তার বাবা অসীম ভুঁইয়া একজন সুপরিচিত কবি ও ব্যাকরণবিদ।

পিসি বর্ণালী ভুঁইয়া সমকালীন বাংলা কবিতার পরিচিত নাম এবং মা অঙ্কিতা ভুঁইয়া একজন নৃত্যশিল্পী।শিল্প-সাহিত্যের এমন আবহে বেড়ে ওঠা এই শিশুর ভবিষ্যৎ যে অত্যন্ত উজ্জ্বল, তা মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। সুরজিৎ চট্টোপাধ্যায় এবং চুমকি চট্টোপাধ্যায়— দু’জনেই তার সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করে আগামী দিনে আরও বড় সাফল্যের আশীর্বাদ জানিয়েছেন।খুদে বয়সে এমন প্রতিভার ঝলক ইতিমধ্যেই সান্ধ্যলাপকে আলাদা পরিচিতি এনে দিয়েছে— বাংলা সাহিত্য জগত হয়তো ভবিষ্যতের এক উজ্জ্বল নামের সাক্ষী থাকল।