Skip to content

শান্তিপূর্ণ ভোটে সচেতনতা বাড়াতে মেদিনীপুরে এসভীপ কর্মসূচি, অরবিন্দ স্টেডিয়ামে রঙে রঙে গণতন্ত্রের বার্তা!

নিজস্ব সংবাদদাতা : সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভোট পরিচালনার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের নির্বাচনী প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল এসভীপ (SVEEP) কর্মসূচি। গত শুক্রবার, ২৭শে মার্চ, মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়াম প্রাঙ্গণে এই আয়োজন ঘিরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

ভোটার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল চিত্রাঙ্কন কর্মসূচি। জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়ে নিজেদের কল্পনায় গণতন্ত্রের রঙিন ছবি ফুটিয়ে তোলে। তাদের পাশে বসে এই উদ্যোগকে আরও উৎসাহিত করেন এসভীপের ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু ঘড়া, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মণ্ডল ও মৃদুল শ্রীমানী।

শুধু ছাত্রছাত্রীই নয়, অভিভাবকদের সক্রিয় উপস্থিতিও নজর কাড়ে। পাশাপাশি জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক সঞ্জিত তরুইও এই চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে শিশুদের উৎসাহ জোগান।নির্বাচনের আগে এই ধরনের উদ্যোগ যে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। গণতন্ত্রের উৎসবকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করে তুলতেই এই প্রচেষ্টা—এমনটাই বার্তা উঠে এসেছে গোটা কর্মসূচি জুড়ে।

Latest