অরিন্দম চক্রবর্তী : খড়গপুর সদর কেন্দ্রে এবারের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ। বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে প্রদীপ সরকার-এর উপর। অন্যদিকে, সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে মধুসূদন রায়কে।দিলীপ ঘোষের মতো হেভিওয়েট নেতার মোকাবিলায় প্রদীপ সরকারকে প্রার্থী করে তৃণমূল স্পষ্ট বার্তা দিয়েছে—খড়গপুর সদর কোনওভাবেই ছাড়তে নারাজ তারা।

একইসঙ্গে সিপিএমও মধুসূদন রায়কে প্রার্থী করে লড়াইয়ে নিজেদের উপস্থিতি জোরালো করার চেষ্টা করেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রে প্রার্থী বাছাই অত্যন্ত কৌশলগতভাবে করা হয়েছে। দিলীপ ঘোষের সংগঠনিক দক্ষতা ও পরিচিতি বিজেপির বড় সম্পদ হলেও, তৃণমূল এবং সিপিএম—দুই শিবিরই নিজেদের জায়গা শক্ত করতে মরিয়া। সব মিলিয়ে, খড়গপুর সদর এখন রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে ত্রিমুখী লড়াইয়ে ফলাফল কী হবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।