Skip to content

থ্রিলার সেমিফাইনাল! ব্রুকের মিস ক্যাচে বাঁচল ভারত, বেথেলের ঝড় থামিয়ে ৭ রানে জয় টিম ইন্ডিয়ার!

ইন্ডিয়া ২৫৩/৭ (২০)

ইংল্যান্ড ২৪৬/৭(২০)

নিজস্ব সংবাদদাতা :  দু’টি গুরুত্বপূর্ণ ক্যাচই গড়ে দিল ম্যাচের ভাগ্য—একদিকে হ্যারি ব্রুকের ফেলে দেওয়া সহজ ক্যাচ, অন্যদিকে বাউন্ডারি লাইনে অক্ষর প্যাটেলের অসাধারণ ক্যাচ। এই দুই মুহূর্তই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিল ম্যাচের ফল।মুম্বইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে দুই দলের বোলাররাই ছিলেন বেশ খরুচে। তবে ম্যাচের শুরুতেই বড় সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ওভারে, ২.২ বলে জোফ্রা আর্চারের ডেলিভারিতে সহজ ক্যাচ ফেলেন হ্যারি ব্রুক। তখন মাত্র ১৫ রানে ছিলেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন।

May be an image of soccer and text

সেই মুহূর্তটাই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সুযোগ হাতছাড়া করতেই ইংল্যান্ডের উপর চাপ বাড়তে থাকে।সঞ্জু স্যামসন এরপর আর পিছনে তাকাননি। দুরন্ত ব্যাটিং করে মাত্র ৪২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসের উপর ভর করেই ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৫৩ রান—যা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বোচ্চ দলগত স্কোর।

May be an image of football, soccer and text

জবাবে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। মূলত একাই ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন জেকব বেথেল। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৪৫ বলে শতরান পূর্ণ করেন তিনি, যা ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম শতরান। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৯ রান।

May be an image of text

কিন্তু ১৯তম ওভারে বল হাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দেন হার্দিক পাণ্ডিয়া। শেষ ওভারে বড় শট খেলতে গিয়ে রান আউট হয়ে যান জেকব বেথেল—৪৮ বলে ১০৫ রানের অসাধারণ ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

May be an image of ‎soccer, football and ‎text that says '‎۵ পরी 戦 ش Budweise Bud‎'‎‎

ফলে ৭ রানের নাটকীয় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে টিম ইন্ডিয়া। অন্যদিকে, সেমিফাইনালে বড় সুযোগ হাতছাড়া করার আক্ষেপ নিয়ে বিদায় নিতে হল ইংল্যান্ডকে। ম্যাচ শেষে অনেকের মতে, সেই একটাই মিস ক্যাচই শেষ পর্যন্ত ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দিল।

Latest