Skip to content

প্রচারে নাচ-হাসি থাকলেও চাপা রইল না ক্ষোভ, মিতা বাগকে ঘিরে প্রশ্নের ঝড়

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে কর্মসংস্থান নিয়ে শাসক ও বিরোধীদের রাজনৈতিক চাপানউতোরের মাঝেই ভোট প্রচারে নেমে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। প্রচার চলাকালীন সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ ও বঞ্চনার কথা সরাসরি উঠে এল তাঁর সামনে। মঙ্গলবার আরামবাগের মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা, আমরেল-সহ একাধিক গ্রামে প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে ঘিরে নানা প্রশ্ন তুলতে শুরু করেন। কর্মসংস্থানের অভাব নিয়ে এক চাষির স্ত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, তাঁর ছেলে মাস্টার্স ডিগ্রি অর্জন করেও বেকার। সংসারের চরম কষ্টের মধ্যেও ছেলেকে পড়াশোনা করিয়েছেন, এমনকি প্রশিক্ষণের জন্য কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমার ছেলেকে যে চাকরি দেবে, তাকেই ভোট দেব।” এই অভিযোগের জবাবে মিতা বাগ বলেন, রাজ্যে ধীরে ধীরে কর্মসংস্থান বাড়ছে এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই উন্নতি হচ্ছে। তিনি আশ্বাস দেন, “আস্তে আস্তে সব হবে।”অন্যদিকে, প্রচারের মধ্যেই মানবিক ও রাজনৈতিক মেলবন্ধনের ছবিও দেখা যায়। মায়াপুর-১ পঞ্চায়েতের হাটবসন্তপুর এলাকায় এক প্রবীণার সঙ্গে নেচে ওঠেন মিতা বাগ, তাঁকে জড়িয়ে ধরেন। এছাড়াও এক বাড়ির সামনে ঘুঁটে শুকোতে দেখে নিজেই তা উল্টে দিতে দেখা যায় তাঁকে, পাশে শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান।

Latest