গড়বেতা কলেজে বৃক্ষরোপণ, র্যাগিং বিরোধী সচেতনতা ও নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা
সুমন মণ্ডল: পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ক্যাম্পাসে র্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতা এবং নারী সুরক্ষা ও ক্ষমতায়ন—এই তিন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল গড়বেতা কলেজে। একই মঞ্চ থেকে পড়ুয়াদের সচেতনতার পাশাপাশি নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ আধিকারিক পাপিয়া সুলতানা এবং গড়বেতা থানার পুলিশ আধিকারিক শুভঙ্কর রায়। তাঁদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।

এর পাশাপাশি কলেজ ক্যাম্পাসে র্যাগিংয়ের বিরুদ্ধে পড়ুয়াদের সতর্ক করা হয়। র্যাগিং কোনওভাবেই মেনে নেওয়া হবে না—এমন কড়া বার্তা দেওয়ার পাশাপাশি, কোনও পড়ুয়া র্যাগিং বা অন্য কোনও সমস্যার শিকার হলে তা গোপন না রেখে দ্রুত কর্তৃপক্ষ কিংবা পুলিশের কাছে জানানোর পরামর্শ দেওয়া হয়।অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় নারী ক্ষমতায়নের বিষয়টিও। নারী সুরক্ষা, অধিকার, আত্মনির্ভরতা এবং নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানানো হয়।পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের উদ্দেশে জানান, যেকোনও ধরনের সমস্যা, হুমকি বা হয়রানির ঘটনা ঘটলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। প্রয়োজনে নির্ভয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তাঁরা।বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতা থেকে শুরু করে র্যাগিং বিরোধী বার্তা এবং নারী ক্ষমতায়নের আলোচনা—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে এদিনের কর্মসূচি পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে।