নিজস্ব সংবাদদাতা : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে। বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই প্রণালীতে জাহাজ পাঠানোর জন্য মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্প তাঁর মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানালেও সেই ডাকে তেমন সাড়া মেলেনি।নিজস্ব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ করা এক পোস্টে ট্রাম্প যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের কাছে অনুরোধ জানান, তারা যেন হরমুজ প্রণালীতে জাহাজ পাঠিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথকে নিরাপদ রাখতে সহায়তা করে। তাঁর দাবি, এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ এবং বর্তমানে ইরানের কারণে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।তবে ট্রাম্পের এই আহ্বানের পরেও যুক্তরাজ্য, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিশ্রুতি সামনে আসেনি। ফলে আন্তর্জাতিক মহলে এই ইস্যু নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।রবিবার জার্মানিও এ বিষয়ে নিজেদের সংশয় প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোহান ওয়াডেফুল মন্তব্য করেন, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলা থেকে জাহাজগুলোকে সুরক্ষা দওয়ার জন্য বর্তমানে যে পরিকল্পনা চালু রয়েছে, তা কার্যকর বলে মনে হচ্ছে না।ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও সতর্কবার্তা দিয়ে বলেন, যদি হরমুজ প্রণালীকে নিরাপদ ও উন্মুক্ত রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো প্রয়োজনীয় সহায়তা না করে, তবে ন্যাটোর ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়তে পারে।একই প্রসঙ্গে ট্রাম্পও বলেন, এই প্রণালী থেকে যেসব দেশ সরাসরি উপকৃত হয়, তাদেরই দায়িত্ব নেওয়া উচিত যাতে সেখানে কোনো ধরনের অঘটন না ঘটে এবং আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিকভাবে চলতে পারে। বর্তমানে পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব, কারণ এই জলপথে কোনো বড় অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক তেল বাজার ও অর্থনীতির উপর।