নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তেহরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে “সম্পূর্ণ ধ্বংস” করে দেওয়া হবে।যুদ্ধের চতুর্থ সপ্তাহে দাঁড়িয়ে এই হুমকি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। মাত্র একদিন আগেই ট্রাম্প যুদ্ধ “গুটিয়ে আনার” সম্ভাবনার কথা বলেছিলেন। কিন্তু তার পরপরই এমন কড়া বার্তা পরিস্থিতির দ্রুত অবনতির দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তিন সপ্তাহ ধরে চলা সংঘর্ষের পর যখন মার্কিন প্রশাসন সামরিক অভিযান সীমিত করার কথা ভাবছিল, ঠিক তখনই এই আলটিমেটাম সামনে এল। এমন এক সময়ে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যখন বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে রয়েছে। একইসঙ্গে, মধ্যপ্রাচ্যের দিকে আরও হাজার হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েনের খবরও সামনে এসেছে।নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প স্পষ্ট ভাষায় লিখেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রণালী না খুললে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আঘাত হানবে এবং সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এমনকি তিনি জানিয়েছেন, এই সামরিক পদক্ষেপ শুরু হবে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করেই।বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বৃহত্তর সংঘর্ষের আশঙ্কা ক্রমেই প্রবল হয়ে উঠছে।