Skip to content

ঈদকে সামনে রেখে মানবিক উদ্যোগ, মেদিনীপুরে প্রায় ১০০ জনের হাতে বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌ রায়!

সেখ ওয়ারেশ আলী : আর কয়েকদিনের মধ্যেই সারা দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদ। উৎসবের এই আবহে মানবিক উদ্যোগে এগিয়ে এলেন মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌ রায়। তাঁর উদ্যোগে এবং মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরার সহযোগিতায় এলাকার প্রায় ১০০ জন পুরুষ ও মহিলার হাতে শাড়ি, লুঙ্গি ও লাচ্ছা তুলে দেওয়া হয়।

এই বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল উৎসবের আনন্দ সমাজের প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক সুজয় হাজরা নিজে উপভোক্তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন এবং সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌ রায়, বিধায়ক সুজয় হাজরা, গোপাল সাহা, চণ্ডী হাজরা, সুরজিৎ সাহা (৫ নম্বর ওয়ার্ড যুব সভাপতি), সুজিত দত্ত—মাদ্রাসা বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মী ও সমর্থকরা।

এই প্রসঙ্গে কাউন্সিলর মৌ রায় জানান, ঈদের মতো উৎসবের আনন্দ যাতে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সমানভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, উৎসব মানেই একসঙ্গে থাকার আনন্দ এবং সমাজের সকল মানুষের মুখে হাসি ফোটানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Latest