Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মীদের জন্য সফল স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করল প্রাক্তন ছাত্র সমিতি!

নিজস্ব সংবাদদাতা :  প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে নজির, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মীদের জন্য সফল স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করল প্রাক্তন ছাত্র সমিতি।প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় গত ৮ই এপ্রিল বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য একটি সফল স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা আধিকারিক ডা. সুনীল কুমার বসু, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক মধুমঙ্গল পাল, সহ-সভাপতি অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সম্পাদক ডা. প্রভাস কুমার সিং, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরাও।এই শিবিরে অংশগ্রহণকারীদের জন্য উচ্চতা ও ওজন পরিমাপ, রক্তচাপ পরীক্ষা, রক্তে শর্করার মাত্রা নির্ণয়, হিমোগ্লোবিন পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা এই সুযোগকে কাজে লাগিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করান।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল রোগের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কারণ ব্যস্ত জীবনে স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ, অথচ সেটিই প্রায়শই অবহেলিত থেকে যায়।এই কর্মসূচির সফল বাস্তবায়নে বায়ো-মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগের গবেষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সার্বিক সহযোগিতায় শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।উল্লেখযোগ্যভাবে, গত এক বছরে উপাচার্য ও রেজিস্ট্রারের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ স্বাস্থ্যসেবার মান অনেকটাই উন্নত হয়েছে। উপাচার্য এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দিয়ে ভবিষ্যতে সকল স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্যও অনুরূপ স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের প্রস্তাব দেন।

Latest