নিজস্ব সংবাদদাতা : ৪ঠা এপ্রিল, শনিবার বন্যপ্রাণ সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে মেদিনীপুরের জামশোল এলাকায় এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল Vidyasagar University এবং পশ্চিমবঙ্গ বন দপ্তর। স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে আয়োজিত এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল তথাকথিত ‘শিকার উৎসব’-এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং বন্যপ্রাণ রক্ষায় সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Deepak Kumar Kar-এর অনুমোদনে এবং ‘নেচার ক্লাব’-এর আহ্বায়ক অধ্যাপক Ramakrishna Maiti-র সহযোগিতায় এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হয়।

৪ঠা এপ্রিল, শনিবার মেদিনীপুর বনবিভাগ ও সংশ্লিষ্ট এনজিওগুলির সহায়তায় জামশোল এলাকায় ‘শিকার উৎসবের বিরুদ্ধে সচেতনতা অভিযান’ শীর্ষক এই উদ্যোগ নেওয়া হয়।নেচার ক্লাবের সদস্যা ডঃ Priyanka Haldar Mallik-এর তত্ত্বাবধানে Department of Zoology, Vidyasagar University-এর ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু আগ্রহী স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে বন্যপ্রাণ হত্যার ক্ষতিকর প্রভাব, জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব এবং আইনি দিকগুলি তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘নেচার ক্লাব’-এর ছত্রছায়ায় পরিচালিত এই সম্প্রসারণমূলক উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের মতে, এটি শুধু একটি সচেতনতা কর্মসূচি নয়, বরং তরুণ প্রজন্মের কাছে প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ে হাতে-কলমে শেখার এক অনন্য সুযোগ হয়ে উঠেছে।

একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং স্থানীয় স্তরে সংরক্ষণ আন্দোলনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগ ভবিষ্যতে বন্যপ্রাণ রক্ষায় বৃহত্তর জনঅংশগ্রহণ নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে।