নিজস্ব সংবাদদাতা: সোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ) এর তত্ত্বাবধানে, মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ আয়োজন করতে চলেছে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে, পূর্বাঞ্চলের ৩০টি বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল অংশগ্রহণ করতে চলেছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মণিপুর বিশ্ববিদ্যালয় এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় সহ অঞ্চলের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন আয়োজক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। পরদিন,৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফুটবল টুর্নামেন্টগুলি চলবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ‘ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গন’ এবং মেদিনীপুর শহরের শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ে মহিলাদের খেলাধূলার প্রচার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়ার উৎকর্ষতা বৃদ্ধি করাই এই টুর্নামেন্টের লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।