নিজস্ব সংবাদদাতা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য, ভাষা ও সংস্কৃতি বিদ্যা বিভাগ (DELLCS) এবং উক্ত বিভাগের প্রাক্তন ছাত্র সংসদের যৌথ উদ্যোগে বি. এন. শাসমল হলে তপন জ্যোতি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ প্রদান করেন বিভাগীয় প্রধান অধ্যাপক জয়জিৎ ঘোষ। একইসাথে তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর-এর পাঠানো শুভেচ্ছাবার্তাটি পাঠ করে শোনান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক (ডক্টর) অরিন্দম গুপ্ত, ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক (ডক্টর) শঙ্কর প্রসাদ সিংহ, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা প্রয়াত অধ্যাপক তপন জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের কন্যা স্বাতী বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এবারের স্মারক বক্তৃতার মূল বিষয় ছিল “Stories are Not Boasts: Storytelling, Sustainability and Sustenance in the Pursuit of Community, Hope and Justice”। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লবরো বিশ্ববিদ্যালয়ের (Loughborough University) নাট্যকলা বিভাগের অধ্যাপক, স্টোরিটেলিং একাডেমির সেক্রেটারি এবং ইউনেস্কো চেয়ার প্রফেসর ডক্টর মাইকেল উইলসন।

তিনি তাঁর বক্তব্যে একটি স্থিতিসশীল সমাজ গঠনে আখ্যান বা গল্পের রূপান্তরমূলক শক্তির ওপর আলোকপাত করেন। সমসাময়িক সমস্যার মোকাবিলায় আশা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গল্প বলা কীভাবে স্থায়িত্বের প্রচেষ্টার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তিনি তা বিশদভাবে ব্যাখ্যা করেন।সমগ্র অধিবেশনটির সভাপতিত্ব করেন অধ্যাপক শঙ্কর প্রসাদ সিংহ। একই বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফ্রেড ডালমাসো এই উপলক্ষে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর দেবদাস রায়। বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ অধ্যাপক ইন্দ্রনীল আচার্য, অধ্যাপক জলি দাস, ডক্টর হেমন্ত কুমার গোলাপাল্লি এবং ডক্টর শুভেন্দু শেখর নস্কর এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, গবেষক এবং বর্তমান ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বক্তার সাথে আলাপচারিতা অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেয়।