নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ইনকিউবেশন সেন্টারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-এর ‘খোলাহাওয়া’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘টেক-ফেস্ট’। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত, বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পরেশচন্দ্র জানা, IQAC-এর অধিকর্তা অধ্যাপক মধুমঙ্গল পাল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলের অধিকর্তা অধ্যাপক অজয় কুমার মিশ্র, পশ্চিম মেদিনীপুর চেম্বার অফ কমার্স-এর সভাপতি চন্দন বসু এবং বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেশন সেন্টারের কোঅর্ডিনেটর অধ্যাপক ব্রজগোপাল বাগ।

এছাড়াও বিভিন্ন বিভাগের অধ্যাপক, শিক্ষাবন্ধু ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।উদ্বোধনী ভাষণে উপাচার্য স্পষ্ট বার্তা দেন—সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে বিজ্ঞানের বিকল্প নেই। বিজ্ঞানের অগ্রগতির মধ্য দিয়েই সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা প্রিয়াঙ্কা হালদার।

এই টেক-ফেস্টে IIT খড়গপুর-সহ মেদিনীপুর, কলকাতা ও ব্যাঙ্গালোরের একাধিক সংস্থা, বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অধ্যাপকরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে ৪০টিরও বেশি স্টলে সেজে ওঠে ‘খোলাহাওয়া’ প্রাঙ্গণ, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।সারা বছরের নিয়মিত পড়াশোনার মাঝে এমন আয়োজন যে অত্যন্ত সময়োপযোগী, তা স্পষ্ট হয়ে ওঠে শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণে।

বৈচিত্র্যপূর্ণ এই উৎসব যেমন শিক্ষার্থীদের আনন্দ দিয়েছে, তেমনই বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।ইনকিউবেশন সেন্টারের কোঅর্ডিনেটর অধ্যাপক ব্রজগোপাল বাগ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞানচর্চা অত্যন্ত প্রয়োজনীয়—মেধার বিকাশে বিজ্ঞানের কোনো বিকল্প নেই।