Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আলোচনাচক্র, বাংলা কথাসাহিত্যের দুই শতকের পথচলা নিয়ে বিশ্লেষণ!

নিজস্ব সংবাদদাতা : ১৯ মার্চ বৃহস্পতিবার, বাংলা সাহিত্যচর্চার বিস্তৃত পরিসরকে সামনে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র। ‘বাংলা কথাসাহিত্যের পথ চলা: উনিশ থেকে একুশ শতক’ শীর্ষক এই কর্মসূচি আয়োজিত হয় বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য Professor Deepak Kumar Kar। সূচক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ড. রামকুমার মুখোপাধ্যায়। এছাড়াও আলোচনায় অংশ নেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর চেয়ার প্রফেসর ড. হিমবন্ত বন্দ্যোপাধ্যায় এবং Banaras Hindu University-এর বাংলা বিভাগের অধ্যাপক প্রকাশ কুমার মাইতি সহ একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ছন্দা ঘোষাল, বরিষ্ঠ অধ্যাপক বাণীরঞ্জন দে, অধ্যাপক সুজিত কুমার পাল, অধ্যাপিকা মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সরোজকুমার পান, প্রাক্তন অধ্যাপক লায়েক আলি খান, প্রাক্তন অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, ড. মহর্ষি সরকার, ড. সাগরিকা ঘোষ, ড. শিপ্রা ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক-গবেষকরা।এই আলোচনাচক্রে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপক-অধ্যাপিকাদের গবেষণাপত্র উপস্থাপনেরও সুযোগ ছিল, যা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে।

উদ্বোধনী ভাষণে উপাচার্য Professor Deepak Kumar Kar জানান, উনিশ শতক থেকে একুশ শতক পর্যন্ত বাংলা কথাসাহিত্যের বহুমাত্রিক রূপকে তুলে ধরাই এই আলোচনাচক্রের মূল লক্ষ্য। অন্যদিকে, বিভাগীয় প্রধান ছন্দা ঘোষাল বলেন, দেশ-বিদেশের সাহিত্যিক ও গবেষকদের মধ্যে চিন্তাভাবনার আদানপ্রদানের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে এই উদ্যোগ।বিশ্বব্যাপী অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মহর্ষি সরকার ও ড. সাগরিকা ঘোষ।শেষে অংশগ্রহণকারী ও গবেষণাপত্র উপস্থাপকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সার্বিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এই আলোচনাচক্র ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে বিভাগীয় তরফে।

Latest