অভিজিৎ সাহা : পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন শহরে জলপথকে কাজে লাগিয়ে চালু করা হতে পারে ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা। প্রায় ৯,২৮০ কোটি টাকার এই প্রকল্পটি প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার মেট্রো পলিসি ২০২৬-এর অংশ হিসেবে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হবে। নদী, খাল, লেক এবং উপকূলীয় জলপথকে ব্যবহার করে শহর ও শহরতলির মধ্যে দ্রুত ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য। এতে একদিকে যেমন যানজট কমবে, অন্যদিকে দূষণ হ্রাসেও বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্ট অনুযায়ী, ওয়াটার মেট্রো মূলত জলপথভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, যেখানে যাত্রী পরিবহনের জন্য আধুনিক যান্ত্রিক নৌযান ব্যবহার করা হবে। প্রয়োজনে ছোট যানবাহন পরিবহনেও এটি কাজে লাগানো যেতে পারে। শহরের সঙ্গে সংলগ্ন দ্বীপ, উপকূল বা বিচ্ছিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও এর মাধ্যমে আরও সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেট্রো বা বাস পরিষেবার মতোই এটি পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অংশ হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই কোচি ওয়াটার মেট্রোর অভিজ্ঞতা সামনে রেখে দেশের অন্যান্য বড় শহরেও এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এখন কেন্দ্রের চূড়ান্ত নীতিগত অনুমোদনের দিকে নজর রয়েছে।
দেশজুড়ে চালু হতে পারে ওয়াটার মেট্রো, ৯২৮০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন কেন্দ্রের!