মেদিনীপুরের ধর্মায় জলযন্ত্রণা! ৬০ নম্বর জাতীয় সড়কে হাঁটুসমান জল, দুর্ভোগে যাত্রী-চালক
সেখ ওয়ারেশ আলী:টানা মুষলধারে বৃষ্টিতে ফের জলমগ্ন মেদিনীপুর শহরের প্রবেশপথ ধর্মা এলাকা। ধর্মা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর জমেছে প্রায় হাঁটুসমান জল। গুরুত্বপূর্ণ এই সড়ক জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক থেকে পথচলতি সাধারণ মানুষ।গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তারই প্রভাব পড়েছে মেদিনীপুর শহরের লাগোয়া ধর্মা এলাকাতেও। জাতীয় সড়কের উপর দীর্ঘক্ষণ জল জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। জল ঠেলেই একপ্রকার বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, ধর্মা এলাকায় নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল দ্রুত বের হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। আর টানা বৃষ্টি হলে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।শুধু ৬০ নম্বর জাতীয় সড়ক নয়, সড়ক সংলগ্ন মেদিনীপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকাতেও ঢুকে পড়েছে বৃষ্টির জল। কোথাও রাস্তার উপর জল জমে রয়েছে, আবার কোথাও নিচু এলাকাগুলিতে জল থইথই করছে। ফলে দৈনন্দিন কাজে বের হওয়া মানুষ থেকে স্থানীয় বাসিন্দা—সকলকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে।মেদিনীপুর শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকায় বারবার জল জমার ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের দাবি, শুধু সাময়িকভাবে জল সরিয়ে সমস্যার সমাধান হবে না। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য দ্রুত নিকাশি ব্যবস্থার সংস্কার ও কার্যকর পরিকল্পনা নেওয়া প্রয়োজন।টানা বৃষ্টি আরও চললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দিকেই তাকিয়ে ধর্মাবাসী।