নিজস্ব সংবাদদাতা: ১৫ মার্চ রবিবার বিকেলে বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই বড় চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণার পাশাপাশি এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বকেয়া ডিএ (মহার্ঘ ভাতা) নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চলতি মার্চ মাস থেকেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাজার হাজার সরকারি কর্মী।উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রাজ্যের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ সরকারি কর্মীদের প্রদান করতে হবে।বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ ডিএ পান। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন প্রায় ৫৮ শতাংশ ডিএ। ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র মধ্যে প্রায় ৪০ শতাংশের পার্থক্য তৈরি হয়েছিল, যা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছিল।বিধানসভা নির্বাচনের আগে বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করে রাজ্য সরকারি কর্মীদের বড় স্বস্তি দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।