Skip to content

রাজভবনে নতুন অধ্যায়! আরএন রবির আগমনে বাংলায় কি শুরু হবে নতুন সংঘাত?

অভিজিৎ সাহা :  ভোটের আবহে পশ্চিমবঙ্গে রাজ্যপাল পরিবর্তন ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আরএন রবি এবার আসছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে। অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার আগেই সিভি আনন্দ বোস-এর ইস্তফা ঘিরে উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পরিবর্তন নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে এই পরিবর্তন সাধারণ ঘটনা নয়। গত ৭ মার্চ ধর্নামঞ্চ থেকে দেওয়া তাঁর বক্তব্যে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, সামনে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।প্রসঙ্গত, আরএন রবির কর্মজীবন অত্যন্ত বহুমুখী। তিনি একসময় আইপিএস অফিসার ছিলেন এবং পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কূটনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব সামলানোর পর তাঁকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হয়। তবে সেখানে রাজ্য সরকারের সঙ্গে একাধিক বিষয়ে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে। বিশেষ করে তামিলনাড়ুর স্ট্যালিন সরকারের সঙ্গে শিক্ষা নীতি, বিল অনুমোদনসহ নানা প্রশাসনিক ইস্যুতে দ্বন্দ্ব বারবার সামনে এসেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন এক ব্যক্তিত্বের পশ্চিমবঙ্গে আগমন ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ফলে প্রশ্ন উঠছে—রাজভবনে আরএন রবির আগমনে কি বাংলার রাজনীতিতে নতুন সংঘাতের অধ্যায় শুরু হবে, নাকি প্রশাসনিক সমন্বয়ের নতুন পথ খুলবে?এই পরিস্থিতিতে রাজ্যপাল ও রাজ্য সরকারের সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

Latest