Skip to content

ধুমধাম করে বিয়ে সারলেন অর্জুন তেন্ডুলকর, তারকাখচিত অনুষ্ঠানে হাজির ক্রিকেট ও বলিউড দুনিয়া!

নিজস্ব সংবাদদাতা : ৫ই মার্চ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকার-এর পুত্র, ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন।

কনে সানিয়ার সঙ্গে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে বর-কনের সাজে তাঁদের দেখা যায়।

বিয়ের আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সুরেশ রায়না,মোহাম্মদ কাইফ আরও অনেকেই।

এই তারকাখচিত অনুষ্ঠানে ক্রিকেট ও বলিউড—দুই জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন এবং শাহরুখ খান।

ক্রিকেট দুনিয়া থেকেও হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনি, এছাড়াও সস্ত্রীক সুরেশ রায়না।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং ও তাঁর স্ত্রী হেজেল কিচ, আশীষ নেহেরা, ইরফান পাঠান এবং রাহুল দ্রাবিড়।

শচীনের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রে গোটা আম্বানি পরিবার-ও এই বিয়েতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় আট মাস আগে অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছিল। ছোটবেলার বন্ধুত্ব থেকেই তাঁদের সম্পর্কের শুরু, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

দুই পরিবারের মধ্যেও বহুদিনের ঘনিষ্ঠতা রয়েছে। সানিয়া ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি। তিনি ‘মিস্টার পস’ নামে একটি বিলাসবহুল পোষ্য স্পা-এর মালকিন এবং লন্ডন স্কুল অফ ইকনোমিক্স থেকে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন।

জানা গেছে, সারা তেন্ডুলকর-এর সূত্রেই অর্জুন ও সানিয়ার প্রথম পরিচয়। সারার সঙ্গে সানিয়ার বন্ধুত্ব থেকেই দুই পরিবারের মধ্যে যাতায়াত বাড়ে। সেখান থেকেই পরিচয়, তারপর প্রেম এবং অবশেষে চার হাত এক হলো।

Latest