বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, বুধবার থেকে কাটতে পারে দুর্যোগের মেঘ

বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, বুধবার থেকে কাটতে পারে দুর্যোগের মেঘ

নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কখনও মুষলধারে, আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। সোমবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়াও বইেছে। মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকতে পারে।পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।তবে বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তনের আশা করা হচ্ছে। নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। মেঘ কেটে রোদের দেখা মেলার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।