কৌস্তভ মজুমদার : ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার, ২২ জুলাই একাধিক কর্মসূচির আয়োজন করল প্রেস ক্লাব কলকাতা। সকালেই কলকাতা ময়দান সংলগ্ন ক্লাবের তাঁবুতে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।এরপর মোহনবাগান মাঠে আয়োজিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ নেন মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, অলোক দাস, অমিত ভদ্র, কৃষ্ণেন্দু রায়, অমিত দাস, সঞ্জয় মাঝি, কবীর বসু, দীপেন্দু বিশ্বাস, প্রশান্ত চক্রবর্তী, মাধব দাস, শেখ সিকান্দার, জগদীশ ঘোষ, বিভাস ঘোষ-সহ বিশিষ্টরা। ভারতীয় একাদশের নেতৃত্বে ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার।

প্রেস ক্লাব একাদশের বিরুদ্ধে আয়োজিত এই প্রীতি ম্যাচটি ৫-৫ গোলে ড্র হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর আরও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুপুরে বিদ্যাসাগর স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি অ্যাওয়ার্ড সেরিমনি ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠা এবং কর্মকাণ্ড নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা এবং স্বামী বিবেকানন্দের বাসভবনের প্রতিনিধিরাও।

বসিরহাট থেকে বর্ধমান, মধ্যমগ্রাম থেকে হাওড়া, খড়দহ থেকে পশ্চিম মেদিনীপুর, কলকাতা থেকে সুরাট, বারুইপুর থেকে শ্রীরামপুর—বিভিন্ন প্রান্তের বিদ্যাসাগর অনুরাগী বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়।‘মিশন বিদ্যাসাগর’-এর উদ্যোগে সামাজিক কাজে অসাধারণ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় ‘বর্ণপরিচয় সম্মান’।

অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে ‘বাংলা শিক্ষা দিবস’ হিসেবে পালনের দাবিও ওঠে। ‘মিশন বিদ্যাসাগর’-এর সঙ্গে সহযোগিতার জন্য কলকাতা প্রেস ক্লাবকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজসংস্কারের আদর্শকে সামনে রেখে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চলবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।