Skip to content

৯০ বছরে পা, বর্ণাঢ্য ওয়াকাথনে উদযাপিত হল আকাশবাণীর গৌরবময় পথচলা!

নিজস্ব সংবাদদাতা : অল ইন্ডিয়া রেডিওর ৯০ বছর পূর্তি উপলক্ষে রবিবার সকালে বর্ণাঢ্য ওয়াকাথনের আয়োজন করল আকাশবাণী কলকাতা। ‘সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণীর’— এই বার্তাকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বেতার মাধ্যমকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আকাশবাণীর সঙ্গে সাধারণ মানুষের সংযোগকে আরও দৃঢ় করা।এই বিশেষ আয়োজনে অংশ নেন আকাশবাণী কলকাতার বিভিন্ন বিভাগের আধিকারিক, কর্মী ও প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, কারিগরি বিভাগের কর্মীরা এবং বাংলা, হিন্দি ও ইংরেজি বিভাগের একাধিক ঘোষক-ঘোষিকা ও অনুষ্ঠান সঞ্চালকরা। তাঁদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।রেড রোডের বাস্কেটবল অ্যাসোসিয়েশন প্রাঙ্গণ থেকে ওয়াকাথন শুরু হয়ে ডাফরিন রোড ও মেয়ো রোড অতিক্রম করে আকাশবাণী ভবনে গিয়ে শেষ হয়।

অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনায় গোটা কর্মসূচি উৎসবের আবহ তৈরি করে।অনুষ্ঠান শেষে আকাশবাণী কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের হাতে স্মারক শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

Latest