Skip to content

ইকো পার্কে বসছে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি, ৬ জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ !

অভিজিৎ সাহা: পশ্চিমবঙ্গে ১২৫ ফুট উচ্চতার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি নির্মাণের উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, নিউটাউনের ইকো পার্কে স্থাপিত হতে চলেছে এই বিশাল মূর্তি। আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে এসে মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। রাজ্য সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari এই প্রকল্পের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে খবর, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ইকো পার্কে এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে শ্যামাপ্রসাদের মূর্তি তৈরির বরাত বৃদ্ধি পেয়েছে। কলকাতার কুমোরটুলির শিল্পীরাও এই ধরনের মূর্তি নির্মাণের কাজে যুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, ৬ জুলাইয়ের সফরে শুধু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনই নয়, বিজেপির মণ্ডল, জেলা ও রাজ্যস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন অমিত শাহ। দলীয় সূত্রের দাবি, ওই বৈঠকে দলের সাংসদ, বিধায়ক এবং শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা, প্রশাসনিক দায়িত্ব পালনের রূপরেখা এবং দলীয় শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও, দলের নেতা-কর্মীদের আচরণ ও সাংগঠনিক কার্যকলাপের উপর কড়া নজরদারি শুরু হয়েছে বলে বিজেপির অভ্যন্তরীণ সূত্রে খবর। বেশ কিছু অলিখিত নির্দেশিকাও সংগঠনের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এই কর্মসূচি শুধু স্মরণ অনুষ্ঠান নয়, বরং রাজ্যে বিজেপির সাংগঠনিক ও রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Latest