নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকালীন রক্তসংকট মোকাবিলায় মানবিক উদ্যোগে এগিয়ে এলেন মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান গ্রামের বাসিন্দারা। গ্রামের তরুণদের সংগঠন ‘ভাই ভাই সেবা সমিতি’-র উদ্যোগে এবং রাজারবাগান গ্রামীণ সমাজ উন্নয়ন পরিষদ ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় রাজারবাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। শিবিরকে ঘিরে এদিন এলাকায় ছিল উৎসবের আবহ। মোট ৭১ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। উল্লেখযোগ্য বিষয়, রক্তদাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। আয়োজকদের দাবি, গ্রীষ্মের সময় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বেড়ে যাওয়ার পরিস্থিতিতে এই উদ্যোগ কিছুটা হলেও সহায়ক হবে। ভার্চুয়ালি শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) ড. সুকান্ত সাহা। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক তথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব সুদীপ কুমার খাঁড়া।

রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ বি বি মণ্ডল, চুয়াডাঙ্গা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, সমাজসেবী জাফর আলি বিশ্বাস, পাপ্পু চক্রবর্তী এবং সাজ্জাদ আলি বিশ্বাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সুধাপদ বসু, দিলীপ চক্রবর্তী, অভিজিৎ দাশ গোস্বামী, শুভ্রাংশু শেখর সামন্ত প্রমুখ। এছাড়াও রাজারবাগান গ্রামীণ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আনিসুদ্দিন খান, সম্পাদক ফারুক খান এবং সহ-সম্পাদক রসুল খান উপস্থিত ছিলেন। ‘ভাই ভাই সেবা সমিতি’-র পক্ষে মোঃ সেরাফত আলী খান, ইয়াদুল খান, মোঃ আফরোজ কামাল ও যুবরাজ খান সহ অন্যান্য সদস্যরা শিবির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আয়োজকদের বক্তব্য, শুধু এক দিনের রক্তদান শিবির নয়—গ্রামের যুবসমাজকে সামাজিক দায়বদ্ধতার কাজে আরও বেশি করে যুক্ত করাই তাঁদের লক্ষ্য। রাজারবাগানের এই উদ্যোগ প্রমাণ করল, মানুষের পাশে দাঁড়াতে বড় আয়োজনের চেয়ে বড় প্রয়োজন আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগ।
