ঘাটালে শ্রদ্ধায় পালিত বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস, দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের বৃত্তি ও পাঠোপকরণ প্রদান!

ঘাটালে শ্রদ্ধায় পালিত বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস, দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের বৃত্তি ও পাঠোপকরণ প্রদান!

নারায়ণ চন্দ্র নায়ক : ভারতীয় নবজাগরণের অন্যতম পথিকৃৎ ও প্রাতঃস্মরণীয় মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করল বিদ্যাসাগর স্মরণ সমিতির ঘাটাল শাখা। শনিবার দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যাসাগরের শিক্ষা, মানবিকতা ও সমাজসংস্কারের আদর্শকে স্মরণ করা হয়।সকাল ৯টা নাগাদ ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মূর্তিতে মাল্যদান করেন সমিতির সম্পাদক তথা শিক্ষক তাপস পোড়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুভাষ দত্ত, শিক্ষক উদয়শঙ্কর মুখোপাধ্যায়, প্রাক্তন শিক্ষক দেবাশিস মাইতি-সহ ঘাটালের বিশিষ্ট ব্যক্তিরা।

এরপর দুপুর ২টা থেকে ঘাটালের বর্ণপরিচয় মুক্তমঞ্চে আয়োজিত হয় দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি এবং পাঠোপকরণ বিতরণ অনুষ্ঠান। পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন, শিক্ষা-ভাবনা, সমাজসংস্কার এবং মানবিক আদর্শ নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন জানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার পৌরপ্রধান তুহিনকান্তি বেরা, ঘাটাল রেডক্রস সোসাইটির চেয়ারম্যান সচ্চিদানন্দ ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানকে ঘিরে ছিল সাংস্কৃতিক আবহও। গান, আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে বিদ্যাসাগরের কর্মময় জীবন ও আদর্শকে স্মরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভা পাল ও তাপস পোড়েল।শেষপর্বে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বৃত্তি এবং পাঠোপকরণ তুলে দেওয়া হয়। মানবসেবা ও শিক্ষার প্রসারের মধ্য দিয়ে বিদ্যাসাগরের আদর্শকে বাস্তবায়নের এই উদ্যোগের মাধ্যমে শেষ হয় দিনভর আয়োজিত জন্মদিবস উদযাপন অনুষ্ঠান।