নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফেরেন। বিমানবন্দরে তাঁর আগমনের আগেই উপস্থিত ছিলেন সিআইডি আধিকারিকরা। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি কথিত ভুয়ো স্বাক্ষর ও জালিয়াতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।এই মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডির সদর দফতর ভবানী ভবনে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থা আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে। তবে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সিআইডির জিজ্ঞাসাবাদ এবং মামলার অগ্রগতি ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন ভবানী ভবনের দিকে।