পাহাড়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগ, উন্নয়নে ২৫০ কোটি বরাদ্দ

পাহাড়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগ, উন্নয়নে ২৫০ কোটি বরাদ্দ

অভিজিৎ সাহা:জিটিএ-র চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ের প্রশাসনিক অচলাবস্থা কাটাতে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে জিটিএ-র প্রশাসক নিয়োগ করল নবান্ন।মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। পরে শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই জিটিএ-তে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং উন্নয়নমূলক কাজের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন তিনি।পাশাপাশি, ২০২৫ সালে পাহাড়ে ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৩টি পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।এদিকে পুজোর আগে চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা হয়েছে। বন্ধ চা-বাগান খোলার উদ্যোগের পাশাপাশি কালিম্পংয়ের যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিশ্চিত করার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।এছাড়াও কালিম্পংবাসীর জন্য আয়ুষ্মান ভারত কার্ড এবং যাঁরা ওই কার্ডের আওতায় আসবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনার কথাও ঘোষণা করা হয়েছে।পাহাড়ের দীর্ঘদিনের সমস্যাগুলির স্থায়ী সমাধান করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জিটিএ-তে কথিত ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি।শিক্ষক নিয়োগ, পানীয় জল সরবরাহ-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর এবং প্রয়োজন হলে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।